শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গায় মজুমদার একাডেমীর এইচএসসি পরীক্ষার্থীদের আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-২৬ ১৯:১৪:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
‘বিদায় শুধু সুখেরই নয়, দুঃখেরও হয় জানি; সে বিদায় যদি দেয় আগামীর হাতছানি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের এলেঙ্গায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) সকালে এলেঙ্গার মমতায় নীড়ে মজুমদার টিউটোরিয়াল একাডেমীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ এবং পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজুমদার টিউটোরিয়াল একাডেমীর পরিচালক অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি পরীক্ষায় সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। তাঁরা পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, সময়ের যথাযথ ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, ভুয়াপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আলী রেজা, নাগরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়ামিন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু তালেব, জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা পৌর ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার এবং মো. আলমাস মিয়া।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. জামির আলী।

 

শেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭