বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

শুধু দাবী-দাওয়ায় নয়, মানসম্মত শিক্ষায় মনযোগ দিন, এর কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ০২:১৯:০৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা (কোয়ালিটি এডুকেশন) ফিরিয়ে আনতে হবে—এর কোনো বিকল্প নেই।

 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) বিকেল ৩ টায় বগুড়ার হোটেল মমো ইন-এ জেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা প্রশাসক মো, তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

 

শিক্ষামন্ত্রী বলেন, এই সরকারের অঙ্গীকারই হলো শিক্ষাকে মানসম্মত করা। সে লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব বাড়ানো হবে এবং ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মনিটরিং জোরদারের কথাও উল্লেখ করেন তিনি। 

 

উপস্হিত প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের মাইক্রোফোন দিলেই আপনারা শুরু করেন দাবি-দাওয়া। যেখানেই যাই শুধু দাবি-দাওয়া আর হৈ চৈ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের আর জলকামান খেতে হবে না। আপনাদের কোন দাবি করতে হবে না, আমরা সব পূরণ করবো-আপনারা শুধু শিক্ষার মান বাড়ান।

 

তিনি বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অভিপ্রায় ছিলো এই বগুড়াকে শিক্ষা নগরী করা। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সে অভিপ্রায় বাস্তবায়নে কাজ করছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষকদের পলিটিক্স বন্ধ করা উচিত। সেইসাথে শিক্ষকদের কোয়ালিটি বাড়াতে প্রতিবছর পরীক্ষার ব্যবস্হা, জিপিএ পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার কথাও বলেছেন তিনি।

 

এ অনুষ্ঠানে বগুড়ার উপজেলা নির্বাহী অফিসার গণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বগুড়া জেলার কলেজ মাদ্রাসার প্রধান, শিক্ষক, অধ্যক্ষ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭