বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
নিজস্ব প্রতিনিধি:
নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলার বিজ্ঞ আইনজীবীগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) বিকেল ৩টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারপ্রার্থীদের ভোগান্তি হ্রাস, মামলাজট নিরসন, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধসহ জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনজীবী সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তারকে সামাজিক ও আইনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মাদক প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী সমাজ এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের হয়রানি এবং ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। দ্রুত ও কার্যকর বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনগত পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব আবু সাঈদের সঙ্গে আইনজীবীদের এ মতবিনিময় সভাকে জেলার আইনশৃঙ্খলা, বিচারিক কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সভা শেষে জেলার উন্নয়ন, জননিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।