বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পল্লী সঞ্চয় ব্যাংকের অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

প্রকাশিত: ২০২৬-১১-০৫ ২২:০৪:০২

News Image

নিজস্ব প্রতিনিধি:
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক টাঙ্গাইল সদর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে তাদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা, পদোন্নতিসংক্রান্ত জটিলতা এবং সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক টিপু সুলতান, শেখ রাসেল আল মাহমুদ, মো. আব্দুল্লাহ ও শহিদুজ্জামান।

 

বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামোর অপেক্ষায় রয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও এখনো তা চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।

 

তারা আরও বলেন, সাংগঠনিক কাঠামো অনুমোদন না হওয়ায় যোগ্যতা, অভিজ্ঞতা ও চাকরির জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারী প্রত্যাশিত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে হতাশা ও অসন্তোষ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে একই অবস্থায় চাকরি করতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী আর্থিক ও সামাজিকভাবেও নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন বলে তারা দাবি করেন।

 

বক্তারা উল্লেখ করেন, একটি প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক গতিশীলতা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সময়োপযোগী সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্গানোগ্রাম অনুমোদিত হলে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে পদবিন্যাস, দায়িত্ব বণ্টন, জনবল ব্যবস্থাপনা এবং পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পেশাগত নিরাপত্তা ও কাজের প্রতি আগ্রহ বাড়বে।

 

তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক দেশের গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র সঞ্চয় এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা ও প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা হলে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

 

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামোটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে আর কোনো দীর্ঘসূত্রতা কাম্য নয় বলেও তারা মন্তব্য করেন।

 

কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল সদর শাখাসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭