শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-৩০ ০০:৫৫:৩৩
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মুন্সিনগর মৌজায় অবস্থিত তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪২ বছরের পুরোনো একটি ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটির ছাদ, পিলার ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও বেরিয়ে পড়েছে মরিচাধরা রড। এতে যেকোনো সময় ভবনটি ধসে পড়ে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪২ বছর আগে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের পর বর্তমানে এটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ায় রড বেরিয়ে গেছে। একই অবস্থা পিলার ও দেয়ালেরও। ফলে ভবনটি এখন শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।
এদিকে, পরিত্যক্ত ভবনটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, সন্ধ্যার পর ভবনটিতে বহিরাগতদের আড্ডা বসে। তাঁদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত সেখানে মাদকসেবীদের আনাগোনা চলে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁদের মতে, সম্ভাব্য দুর্ঘটনা রোধের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে নিরাপদ রাখতে ভবনটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুই ইসলাম বলে, “আমাদের বিদ্যালয়ে একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগতরা আড্ডা দেয়। এতে আমরা নিরাপত্তাহীনতা বোধ করি। আমাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভবনটি দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।”
দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বলে, “ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বিদ্যালয় প্রাঙ্গণে চলাফেরা ও খেলাধুলার সময় আমরা ঝুঁকির মধ্যে থাকি। সম্ভাব্য দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে ভবনটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খান বলেন, “প্রতিষ্ঠাকালীন সময়ে নির্মিত প্রায় ৪২ বছরের পুরোনো ভবনটি এখন আর ব্যবহারের উপযোগী নেই। এটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগতদের আড্ডা বসে। ভবনটি অপসারণ করা না হলে যেকোনো সময় ধসে পড়ে জানমালের ক্ষতি হতে পারে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “মুন্সিনগর মৌজার তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি পুরোনো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার স্বার্থে ভবনটি অপসারণ করা জরুরি। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের ব্যবস্থা করবে।