মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৩ ২২:৫৯:২৩
মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে র্যা লি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যা লিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, পাঠাকাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (মোজা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।