সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৫ ০০:০৬:০৯
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ ঘটিকায়রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, “পদ্মা” সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সভায় রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগস্ট মাসের অপরাধচিত্র পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ ডিআইজি বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি মাদক ও সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও মানসম্মত তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় আগস্ট-২০২৬ মাসে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডিআইজি পুরস্কৃত করেন।
এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।