মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০১ ১২:০২:৩৫
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো সমতলের চা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
চা বাগানে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি চা পাতা তোলেন। এ সময় চা বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন তিনি।
সমতলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় চা শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষ দিন দিন বিস্তৃত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এসব চা বাগান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।