বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১২ ২১:৪৯:৪৫
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে প্রায় ৫১ পিচ অবৈধ চায়না জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
বুধবার (১২ আগস্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধ জাল এবং অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ রক্ষা, জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধান অনুযায়ী প্রায় ৫১ পিচ চায়না দোয়ারী জাল) বহেড়াতৈলের নয়াপাড়া বাজারে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।