শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ নিহত, আহত অন্তত ১৭

প্রকাশিত: ২০২৬-০৭-৩১ ১২:৪০:৩৮

News Image

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস জামালপুরের মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী বলেন, “খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক বলেন, “নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখোমুখি সংঘর্ষের তীব্রতার কারণেই হতাহতের সংখ্যা বেশি হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭