মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

একটি গাছ, একটি জীবন'— টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক

প্রকাশিত: ২০২৬-০৭-১৩ ০৯:৩০:১৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬।

 

আজ রোববার (১২ জুলাই) সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে আয়োজিত ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত নানা সংকট দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

 

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক পর্যায়েও বৃক্ষরোপণকে একটি আন্দোলনে পরিণত করতে হবে। ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি অর্থনৈতিকভাবেও মানুষ উপকৃত হবে।

 

আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে জনসেবা চত্বরে ফিতা কেটে ও মেলা পরিদর্শনের মাধ্যমে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিক সংখ্যক গাছ লাগাতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আয়োজকরা জানান, আগামী ১০ দিন প্রতিদিন দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭