সোমবার ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সিটি কর্পোরেশন থেকে কৃষি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর এক গুচ্ছ দাবি

প্রকাশিত: ২০২৬-০৪-২৬ ২২:৩৬:৫১

News Image

উল্লেখযোগ্য দাবিসমূহ# বেনাপোল-যশোর-বেনাপোল-ঢাকা রুটে নতুন ট্রেন চালু# যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ# যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা# যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন# বেনাপোল-যশোর-নড়াইল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ# যশোরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ# যশোর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

 

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি: 
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটি তার প্রথম সফর। এই উপলক্ষে যশোর সেজেছে বর্ণাঢ্য সাজে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসব বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

প্রধামন্ত্রীর সফর উপলক্ষে তার নিরাপত্তার স্বার্থে ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, ৭১টি বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। র‌্যাবের ৬টি টিম দায়িত্ব পালন করবে। এএসএফ'র দায়িত্বশীল ইউনিট যশোরে অবস্থান করছে। এদিকে, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে ধারণা করছেন জেলা বিএনপির নেতারা। প্রধানমন্ত্রীর কাছে যশোর উন্নয়নের প্রস্তাবনা থাকবে।

 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের তথ্যানুযায়ী, ২৭ এপ্রিল সকাল ১০ টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে গিয়ে খাল খননের উদ্বোধন করবেন। এরপর ১১ টা ৪৫ মিনিটে সুধী সমাবেশে যোগদান করবেন। দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। দুপুর ১ টা ৩৫ মিনিটে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এর দুপুর ১ টা ৫০ মিনিটে যশোর সার্কিট হাউসে উপস্থিতি হবেন।

 

বিকেল ৩ টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকেল ৫ টা ৩০ মিনিটে ফের যশোর সার্কিট হাউসে উপস্থিত হবেন। বিরতি শেষে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৮ টায় যশোর বিমানবন্দরে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকায় ফিরে যাবেন। 

 

এদিকে,  যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা সফলের লক্ষে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক তৎপরতা চালিয়েছে দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে সেখানকার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আশেপাশে সাজানো হয়েছে বণার্ঢ্য সাজে।

 

তার সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশায় নতুন করে স্বপ্ন দেখছে যশোরবাসী। বিভিন্ন সংগঠন ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের মাধ্যমে দীর্ঘদিনের দাবি-দাওয়া তুলে ধরেছেন। সরকার গঠনের পর এটিই হবে যশোরে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। সফরের শুরুতে শার্শার উলাশীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে জেলায় বড় ধরনের উন্নয়ন ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয়রা। 

 

স্থানীয়দের ভাষ্য, বেনাপোল-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চলাচল, যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত, বেনাপোল-যশোর-নড়াইল মহাসড়ক ৬ লেন করা, যশোরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন, যশোর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কাছে বিভিন্ন সময় এসব দাবি উত্থাপন করা হয়েছে। কিন্তু আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি। এরমধ্যে গত এক দশক আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরকে সিটি করপোরেশন ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।

 

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান বলেন,'বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও একটি ট্রেন চলাচলসহ পাঁচ দফা দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন ধরে। তাদের দীর্ঘদিনের দাবি, বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে আরো একটা নতুন ট্রেন চলাচলের। ভোর বেলা যশোর থেকে ঢাকার উদ্দেশে একটি নতুন ট্রেন চলাচল করলে এই জনপদের মানুষ বাড়ি থেকে ঢাকায় গিয়ে অফিস বা কাজ করতে পারবেন। ওই ট্রেনটি রাতে যশোরের উদ্দেশে ফিরলে ঢাকায় কাজ সেরে বাড়িতে আসতে পারবেন। বিগত বছরগুলোতে এ দাবিতে আন্দোলন করা হয়েছে। কিন্তু শুধু আশ্বাস মিলেছে। সম্প্রতি যশোর-৩ আসনের এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকেও স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ ২১ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। 

 

এদিকে, গত বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ও ‘জাতীয় তরুণ সংঘ’ যশোর জেলা শাখার যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দাবি উত্থাপন করে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক। তিনি যশোর-বেনাপোল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর, যশোরকে পর্যটন নগরী ঘোষণা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের দাবি জানান।‘নিরাপদ সড়ক চাই’ যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ বলেন, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও যশোর উন্নয়নে পিছিয়ে আছে। এসব দাবি বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২২টি জেলার মানুষ উপকৃত হবে।

 

অন্যদিকে, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর শাখার কমিটি। যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা বলেন, যশোরের সবজি দিয়ে দেশের চাহিদার ৬০-৬৫ ভাগ চাহিদা পূরণ হয়। কিন্তু এখানকার কৃষি অবহেলিত। যশোরবাসী দীর্ঘদিন ধরে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছেন। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 

 

এছাড়া যশোর পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা এবং বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে পদ্মাসেতু দিয়ে নতুন একটা ট্রেন চলাচলের দাবি পূরণ হবে এমন প্রত্যাশা করছি। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, তারেক রহমান যশোরে নির্বাচনী জনসভায় এলে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তাকে যশোরের উন্নয়ন বঞ্চনা ও নাগরিকদের দাবির বিষয়ে অবহিত করেছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি যশোরের দাবি-দাওয়ার অধিকাংশ বিষয় অবহিত রয়েছেন। বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিশ্চয়ই সেগুলো স্মরণ করিয়ে দিবেন। অতীতের প্রধানমন্ত্রীর মতো লোক দেখানো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আমরা আশা করছি, যশোরবাসীর প্রত্যাশা তিনি ধারণ করেন এবং ধারাবাহিকভাবে সেগুলো পূরণ করবেন। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭