সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১৯ ২১:১৬:২৬
মোঃ উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে যশোরের বেনাপোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ ১৯ এপ্রিল, ২০২৬ রোববার সকালে বেনাপোল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করেন। অথচ সামান্য অসুস্থতায় বা কোনো দুর্ঘটনায় এখানকার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য যশোর শহর বা দূরের কোনো হাসপাতালে ছুটতে হয়। যাতায়াতের দীর্ঘ সময়ের অভাবে অনেক সময় রোগীরা মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো বেনাপোলে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও জরুরি বিভাগের সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সরকার যদি বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।