বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-০৩ ২২:৪১:১১
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরের মাদারিয়া এলাকায় অবস্থিত ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসায় শিক্ষার্থীদের হিফজ ও কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬ মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন ও ছবক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষকগণ, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ২৪ জন শিক্ষার্থী ছবক গ্রহণ করে। বক্তারা বলেন, কুরআন হিফজ শুধু একটি ধর্মীয় শিক্ষা কার্যক্রম নয়, বরং এটি মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি ও সমাজজীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।