বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৮-২৩ ২২:৩২:৫১
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৩ আগস্ট, ২০২৫ শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৯ শতাংশ। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়।