শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৭-০৬ ২৩:১১:৪৪
ড. মোঃ মুস্তাফিজুর রহমান, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
রংপুর জেলার হারাগাছ থানাধীন সারাই উল্লাহপাড়া এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সোহেল আলী (৩২) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
ঘটনার সূত্রপাত শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। ভারতের পশ্চিমবঙ্গের রানীনগর থানার কলবলিতলা এলাকার বাসিন্দা সোহেল আলী বৈধ ভিসায় গত শুক্রবার (৪ জুন) চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি রাজশাহীর পবা থানার ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থান করছিলেন তার মামাতো ভাই মো. রাফিকের বাড়িতে।
পরে, দীর্ঘদিন ধরে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে রংপুর মহানগরের হারাগাছ পৌরসভার সারাই উল্লাহপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা. সুমনা আক্তারে (১৭) সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সোহেল আলী সেখানে যান।
স্থানীয়দের সন্দেহ হলে তারা সোহেলকে আটক করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর একটি টিম সোহেল আলীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য সেনাক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী তাকে হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে।