শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : চট্টগ্রাম || জেলা : খাগরাছড়ি

পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টায় প্রতিবেশী দেশের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
পার্বত্য খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের বাইরে থেকে আধুনিক অস্ত্র এনে পাহাড়ে সন্ত্রাসীদের মাধ্যমে হামলা চালানো হচ্ছে, যার লক্ষ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করা এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ব্যাহত করা। 

 

২৯ সেপ্টেম্বর, ২০২৫ সোমবার সকালে রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসররা মিলিতভাবে খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। একটি মহল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনকে বানচাল করতে চায়। এই মহলই পাহাড়ে সন্ত্রাসীদের দিয়ে হামলা করাচ্ছে।”


তিনি আরও জানান, খাগড়াছড়ির পাহাড় থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে এসেছে। এ ধরনের সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব চলছে। এই সময়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে বা রাস্তা অবরোধ না করে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা দরকার।”


এ সময় আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গ টেনে তিনি জানান, খাগড়াছড়ির পরিস্থিতির কারণে কিছু পর্যটক বিপদে পড়েছিলেন। তবে ইতোমধ্যে অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭