বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীতে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিতে শিক্ষকদের প্রতি আরএমপি কমিশনারের গুরুত্বারোপ

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০২:১৬:৪০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। 

 

এ লক্ষ্যে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটায় আরএমপির সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

 

সভায় পুলিশ কমিশনার শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

 

তিনি শ্রেণিকক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদান ও শিক্ষার্থীদের কার্যক্রম তদারকির নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অননুমোদিত অনুপস্থিতি নিরুৎসাহিত করা এবং দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

শিক্ষার গুণগত মান উন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে প্রযুক্তির যথাযথ ব্যবহার, ব্যবহারিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নিয়মিত ল্যাব কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া প্রতি মাসে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা গ্রহণ, শিক্ষকদের পাঠপরিকল্পনা অনুসরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের গঠনমূলক মতামতের ভিত্তিতে শিক্ষকদের পাঠদানের মান মূল্যায়নের ব্যবস্থাও গ্রহণের পরামর্শ দেন তিনি।

 

অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাঁদের মতামত, সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের সময়ানুবর্তিতা, পেশাগত শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভাজন পরিহার করে সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

 

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ বা সুপারিশের পরিবর্তে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ওপরও গুরুত্বারোপ করেন আরএমপি কমিশনার।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম; রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইয়াকুব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭