মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নিকুঞ্জের লা মেরিডিয়ান এলাকায় মাদকসেবীদের অবাধ বিচরণ, চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

প্রকাশিত: ২০২৬-১১-১৭ ১৬:৪৬:৩৫

News Image

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ-২-এর লা মেরিডিয়ানের ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকা ঘিরে বাড়ছে মাদকসেবন, অবৈধভাবে অবস্থান এবং ছিনতাইয়ের অভিযোগ। পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিটি হাসপাতালের কাছাকাছি গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাসমান একদল নেশাগ্রস্ত শিশু-কিশোর ও বখে যাওয়া বিদঘুটে তরুণ তরুণীদের আনাগোনা দেখা যায়। 

 

এক সংবাদ অনুসন্ধানে জানা গেছে, তাদের একটি অংশ প্রকাশ্যে মাদক সেবন করে, ফুটপাত দখল করে শুধু রাত যাপন নয় দিন যাপন করে এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদের বেশিরভাগের বিরুদ্ধে ছিনতাই ও পথচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।

 

স্থানীয়এলাকাবাসীর ভাষ্য, আনুমানিক ১০ থেকে ২৫ বছর বয়সী ২০ থেকে ২৫ জনের একটি দল বিভিন্ন সময়ে সেখানে জড়ো হয়। তাদের কেউ সিগারেট, গাঁজা, গামসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করে বলে অভিযোগ রয়েছে। ফুটপাতের ওপর বিছানা পেতে ঘুমানো, প্রকাশ্যে রান্নাবান্না করা এবং দীর্ঘ সময় অবস্থানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক পথচারীরা ওই এলাকা দিয়ে চলাচলের সময় অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভোগেন।

 

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাটি আরও অনিরাপদ হয়ে উঠতে পারে। তাঁদের অভিযোগ, শুধু মাদকসেবন নয়, ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। তাই এসব অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি সেখানে অবস্থানরত অসহায় ও বিপথে যাওয়ার ঝুঁকিতে থাকা শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন সচেতন বাসিন্দারা।

 

প্রশাসনকে বারবার জানিয়েও কার্যকর উদ্যোগের অপেক্ষা
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, “আমরা সামাজিকভাবে বহুবার স্থানীয় থানা ও সিটি করপোরেশনের দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।”

 

তিনি আরও বলেন, “আমরা চাই না, কোনো শিশু বা কিশোর অমানবিক আচরণের শিকার হোক। তাদের প্রত্যেকের পারিবারিক পরিচয়, এখানে আসার কারণ এবং কারা তাদের মাদক গ্রহণে উৎসাহিত বা প্ররোচিত করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের পেছনে কোনো মাদক কারবারি বা অপরাধী চক্র সক্রিয় আছে কি না, সেটিও তদন্ত করা জরুরি। একই সঙ্গে মানবিকতার দোহাই দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।”

 

ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, “লা মেরিডিয়ান-সংলগ্ন এলাকায় মাদকসেবী ও অপরাধীদের অবাধ বিচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আক্রমণাত্মক আচরণ, ছিনতাই ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার, নিয়মিত পুলিশি টহল এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হোক। একই সঙ্গে আশ্রয়হীন শিশু-কিশোরদের অপরাধের পথে ঠেলে না দিয়ে তাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই।”

 

মাদকমুক্ত ও নিরাপদ নিকুঞ্জ গড়ার আহ্বান
নিকুঞ্জ ইমাম-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাঈদ আল হাবিব বলেন, “নিকুঞ্জের বিষফোড়াসম ভাসমান এই মাদকের আখড়াকে যেকোনো মূল্যে উচ্ছেদ করতে হবে। প্রকাশ্যে মাদকসেবন এবং জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়।”

 

তিনি বলেন, “এসব শিশু-কিশোরের হাতে মাদক তুলে দিচ্ছে কারা, তাদের পেছনে কোনো অসাধু চক্র কাজ করছে কি না, তা খুঁজে বের করতে হবে। যারা মাদক সরবরাহ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যেসব শিশু-কিশোর অসহায় কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নিকুঞ্জ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

 

নিকুঞ্জের পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা

নিকুঞ্জের স্থায়ী বাসিন্দা আসজাদুর রহমান মিঠু এ প্রতিনিধিকে বলেন, “আমরা এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই। আমাদের সুন্দর নিকুঞ্জকে অসুন্দর করার অধিকার কারও নেই। নিকুঞ্জ আমাদের আবাসস্থল, আমাদের পরিবার-পরিজন, সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বেড়ে ওঠার জায়গা। অথচ গুরুত্বপূর্ণ একটি স্থানে প্রকাশ্যে মাদকসেবন, ফুটপাত দখল এবং ছিনতাইয়ের অভিযোগ আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।”

 

তিনি বলেন, “বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের নিরাপদে চলাচলের অধিকার রয়েছে। আমরা চাই না, কোনো অসহায় শিশু অবহেলার কারণে অপরাধের পথে চলে যাক। তাদের প্রকৃত অবস্থা যাচাই করে নিকুঞ্জ থেকে তুলে নিয়ে তাদের অন্য কোথাও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তবে যারা মাদক সরবরাহ করছে কিংবা ছিনতাইসহ অপরাধে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একবার অভিযান পরিচালনা করেই দায়িত্ব শেষ না করে নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।”

 

যা বলছে পুলিশ প্রশাসন
এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি এবং ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “মাদকসেবন বা ছিনতাইয়ের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে যেহেতু অনেক অপ্রাপ্তবয়স্ক ও ভাসমান শিশু-কিশোর রয়েছে, তাই ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি তাদের পুনর্বাসনের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থা ও সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।”

 

স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে এবং সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে সন্ধ্যা ও রাতের সময় নিয়মিত টহল ও সিসিটিভি নজরদারি জোরদার করা হবে। স্থানীয়দের মতে, শুধু সাময়িক অভিযান নয়, এ সমস্যার স্থায়ী সমাধানে পুলিশ, সিটি করপোরেশন, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

নিকুঞ্জবাসীর দাবি, লা মেরিডিয়ানের ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ নিরাপদ ও উন্মুক্ত করা হোক। কারণ, কোনো আবাসিক এলাকার সৌন্দর্য শুধু দালানকোঠায় নয়; মানুষের নিরাপদ চলাচল, স্বস্তি ও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশেই তার প্রকৃত পরিচয়। 

 

নিকুঞ্জ কোনো মাদকসেবন কিংবা ছিনতাইয়ের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। ফুটপাত পথচারীদের, আবাসিক এলাকা বাসিন্দাদের—জননিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭