রবিবার ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ও গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-০৮-০২ ১৬:৪০:০৪

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য ভিকটিম কলেজছাত্রী চৌগাছায় আসছিলেন। পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি তাকে মোটরসাইকেলে তুলে নেন। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

 

ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানান। ভিকটিমের মা রাতে চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, "ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।"

 

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ্ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

ছাত্রদল নেতৃত্ব জানায়, কোনো অপরাধের সঙ্গে দল জড়িত নয়। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭