রবিবার ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান টুকুর

প্রকাশিত: ২০২৬-০৬-২১ ২০:০৮:৫৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
দেশকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। 

 

তিনি বলেন, এখনো রক্তের দাগ শুকায়নি, অথচ ফ্যাসিবাদী চক্র তাদের অপকর্মের বোধোদয় না ঘটিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। 

 

শনিবার (২০ জুন, ২০২৬) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্য এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ঠিক একইভাবে ভবিষ্যতেও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা রুখে দেওয়া হবে।


তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা দেশ চায়নি এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বিএনপির শেকড় এই দেশের জনগণের মধ্যে। জনগণের হৃদয়ে বিএনপির অবস্থান রয়েছে, ফলে জনবিচ্ছিন্ন কোনো শক্তির পক্ষে জনগণের দলকে ক্ষতিগ্রস্ত করা সহজ নয়।


প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির বিরুদ্ধেই সবসময় দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়, কারণ বিএনপি জনগণের পক্ষে কথা বলে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার নানা চেষ্টা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিজয় হয় এবং জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে। রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশে নজিরবিহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। পাশাপাশি দেশের সব পর্যায়ের বিএনপি নেতাকর্মী দীর্ঘ সময় ধরে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।


তিনি আরও বলেন, জেলা-উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর ধরে তারা মামলা, হামলা ও রাজনৈতিক চাপের মধ্যে থেকেও দলের আদর্শ ও রাজনীতিকে ধরে রেখেছেন।


টুকু বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টিরও চেষ্টা চলছে। তবে বিএনপির নেতাকর্মীদের পরিবার হিসেবে বিবেচনা করা হয় এবং সবাইকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ ও দল নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠিত থাকতে হবে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭