বুধবার ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা শুরু ১৩ মে থেকে, এবার ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শুধু অনলাইনে

প্রকাশিত: ২০২৬-০৫-০৬ ১২:৪৭:০৬

News Image

টাঙ্গাইল দর্পণ ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। 


আগামি ১৩ মে, ২০২৬ বুধবার থেকে অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। একই সঙ্গে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।


রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র যাত্রার টিকিট। পরদিন ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র, ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট। এরপর ১৬ মে দেওয়া হবে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। ঈদ ঘিরে যাত্রীদের চাপ বিবেচনায় রেখে এই ধাপে ধাপে টিকিট বিক্রির সূচি নির্ধারণ করা হয়েছে।


ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২১ মে) থেকে। ওই দিন মিলবে ৩১ মে’র টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের, ২৩ মে মিলবে ২ জুনের, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী ইস্যু করা হবে।


যাত্রীসেবায় ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ছাড়া হবে। একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।


রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। তবে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।


রেলওয়ের কর্মকর্তারা বলছেন, অনলাইনভিত্তিক এই ব্যবস্থা যাত্রীদের ভোগান্তি কমাবে এবং টিকিট কেনার প্রক্রিয়া আরও স্বচ্ছ করবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭