শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গভীর রাতে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে অঙ্গার ৮ বছরের শিশু

প্রকাশিত: ২০২৫-১২-২০ ২২:৫৫:৩৭

News Image

অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দুই দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমিয়ে থাকা বেলালের আট বছরের শিশুকন্যা আয়েশা আক্তার সানজু পুড়ে মারা যায়। দগ্ধ হন ঘুমিয়ে থাকা তার আরো দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭), সামিয়া আক্তার বিথী (১৪) এবং বেলাল। এর মধ্যে দুই বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

বেলাল ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

 

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেড ঘরে আগুন জ্বলছে। তখন আমি দ্রুত বেরিয়ে আসি। কিন্তু ঘরের দুই দরজায় তালা থাকায় ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। আমার ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

 

হাজেরা বেগম আরো জানান, ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে। ঝলসে যায় বেলালও।’


তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানাতে পারেননি হাজেরা।

 

বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আগুনের বিষয়টি টের পেয়ে আমি চিৎকার করি। আশপাশের লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। দগ্ধ দুই মেয়েকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।’

 

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

 

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়। আমরা সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।’
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭