শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১২-১২ ২৩:৪৪:৩৪
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা ছিল, পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ ওমসান হাদি বর্তমানে চিকিৎসাধীন।
শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। অস্ত্রোপাচারের সময় তার মাথায় গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন- গুলি মাথা থেকে বের হয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় ওসমান হাদির পেছনে রিকশায় থাকা মো. রাফি ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন।
অপরদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।