বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে আবারও কমলো সিলিন্ডার এলপি গ্যাসের দাম

প্রকাশিত: ২০২৫-১১-০৩ ০১:০৯:০৫

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
দেশে ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সমন্বয় অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম কার্যকর হবে রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে।

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪১ টাকা, যা নভেম্বর মাসের জন্য ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসকসহ ৫৫ টাকা ৫৮ পয়সা হবে, যা আগের মাসে ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা।


এর আগে গত ৭ অক্টোবর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল। এ নিয়ে চলতি বছর এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমল, আর বেড়েছে ৭ দফা।
নতুন ঘোষণায় বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (Contract Price) যথাক্রমে প্রতি মেট্রিক টনে ৪৭৫ মার্কিন ডলার ও ৪৬০ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড়ে ৪৬৫ দশমিক ২৫ মার্কিন ডলার হিসেবে দাম সমন্বয় করা হয়েছে।


এছাড়া আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দামও সমন্বয় করা হয়েছে। কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে নতুন এই হার।


বর্তমানে বাজারে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। নতুন মূল্য নির্ধারণে সব ধরনের সিলিন্ডারের দামও অনুপাতে কমবে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত থাকবে।


বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি কমার কারণে দেশীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে। কমিশন আশা করছে, দাম কমায় সাধারণ ভোক্তা কিছুটা স্বস্তি পাবে, বিশেষ করে শীতের শুরুতে এলপিজির ব্যবহার বাড়ার সময় এই সমন্বয় ইতিবাচক প্রভাব ফেলবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭