শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৮-১৮ ১৮:১৬:৩৮
টাঙ্গাইল দর্পণ ডেস্ক:
হবিগঞ্জের সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুপুর ১২টায় দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।
এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা। উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, আমাদের কাছে অভিযোগ আসে হাসপাতালে অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে। এরই প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও সকালের নাস্তার পাউরুটির মধ্যে কোনো লোগো পাওয়া যায়নি। তাই এ রুটি কোথায় থেকে এসেছে বা রুটির মেয়াদ কতোদিন তা বলা যায় না। তাই এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এরশাদ মিয়া আরও জানান, হাসপাতালে পরিচ্ছন্নতা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে মনে হচ্ছে, আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এ ছাড়াও ২৫০ শয্যার হাসপাতালে গতকাল ৫শ’র অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুঠে উঠেছে।
তবে ডাক্তার নার্সসহ জনবল সংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও। উপ-পরিচালক জানান, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
এ ছাড়াও শিগগিরই কাউকে না জানিয়ে এসব নিয়ে আবারো অভিযান চালানো হবে বলে জানান তিনি। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন- পর্যাপ্ত পরিমাণ জনবল থাকলে আমাদের সংকট কেটে যাবে। সূত্র : মানবজমিন