বৃহস্পতিবার ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

সড়ক ও জনপথ

কুমিল্লায় ভোর থেকে তীব্র যানজট, ভ্যাপসা গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাকাল যাত্রীরা

প্রকাশিত: ২০২৬-০৫-২১ ১৬:৪০:১৮

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) ভোর থেকে শুরু হওয়া এই যানজট ছড়িয়ে পড়ে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত। ঢাকামুখী লেনে আটকে পড়া যাত্রীরা ভ্যাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

 

এটি একদিনের ঘটনা নয়। টানা তিন দিন ধরে ভোরবেলা থেকেই এই মহাসড়কে যানজট শুরু হচ্ছে এবং দিনের একটি বড় অংশ জুড়ে তা চলছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে দুর্ভোগে পড়ছেন।

 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, "ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"

 

ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরাও। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, "একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।"

 

মো. মহিউদ্দিন নামে আরেক যাত্রী জানান, কয়েকদিন ধরে মহাসড়কে যানজটের খবর পেয়ে একটু আগে বের হয়েছিলেন, ভেবেছিলেন আরামেই ঢাকা পৌঁছাবেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। "কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে," বলেন তিনি।

 

ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭