বৃহস্পতিবার ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০৭ ০৭:০৫:১৫
মোঃ সুমন আহম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে গুরুতর যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা মতি বেপারী (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ।
জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা নাছিমা (৪৩)-এর সঙ্গে প্রায় ৫-৬ বছর আগে মতি বেপারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে নাছিমার আগের স্বামীর ঘরের মেয়ে ছাবিহা আক্তার জান্নাতি (৫) কে নিয়ে তারা একসঙ্গে বসবাস করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ১ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে একই ঘরে ঘুমিয়ে ছিলেন মা, মেয়ে ও অভিযুক্ত। গভীর রাতে শিশুটির কান্নার শব্দে মায়ের ঘুম ভাঙলে তিনি দেখতে পান, শিশুটি তীব্র অসুস্থতায় ভুগছে। পরবর্তীতে শিশুটি জানায়, মায়ের ঘুমের সুযোগে অভিযুক্ত তাকে জোরপূর্বক শারীরিকভাবে নির্যাতন করে এবং অশ্লীল আচরণ করে। এতে শিশুটি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরদিন ২ মে সকালে শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নজরে এলে তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়। এসআই সুরেশ রাজবংশী, এসআই রনি দেবনাথ ও এসআই মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যায় এবং মোবাইল ফোন বন্ধ রাখে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। ডিবি সদস্যরা ছদ্মবেশে গরু ব্যবসায়ী সেজে প্রায় ৭ ঘণ্টা অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা গরুর হাট এলাকা থেকে গত ৫ মে বিকেল আনুমানিক ৫টার দিকে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।