মঙ্গলবার ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনার তীর-চর কাটার দায়ে ৮টি এস্কেভেটর, ৩টি ড্রাম ট্রাক জব্দ: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৫-০৫ ২১:২৪:৪৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর অবৈধভাবে কাটার দায়ে দিনভর অভিযান চালিয়ে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি এস্কেভেটর (Excavator)  মেশিন (খনন যন্ত্র) ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

 

সোমবার (৪ মে, ২০২৬) দিনব্যাপী উপজেলা প্রশাসন ওই অভিযান চালায়। অভিযানে বাঁধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মতিন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। অভিযান পরিচালনা করেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান। 

 

অভিযানের একটি সূত্র জনায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুর এলাকার সমন্বয়ে গঠিত একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র যমুনা নদীর চর ও বামতীর কেটে অবৈধভাবে মাটি বিক্রি করছিল। তারা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের নির্মাণাধীন ‘বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের (২য় সংশোধিত)’ আওতায় যমুনা রিভার ক্রসিং অংশে টাওয়ারে ষ্টীল টিউবুলার পাইল ফাউন্ডেশন কাজের নিমিত্তে ডেজিংকৃত ড্রেজডম্যাটারও অবাধে বিক্রি করছিল। 

 

এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। এর ফলে যমুনা রেল সেতু, যমুনা সেতু ও যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসন ওই অভিযান চালায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, ঊর্ধ্বতনকর্তৃপক্ষের নির্দেশে দিনভর অভিযান চালিয়ে ব্যাকহো মেশিন (খননযন্ত্র), ড্রামট্রাক জব্দ ও চারজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 

এছাড়া অভিযানে বাঁধা দেওয়ায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যমুনা নদী দখল ও অবৈধ মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭