শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-২০ ০০:২২:৩৮
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরে ভোক্তা প্রতারণার অভিযোগে “ম্যাগপাই সু”নামের একটি জুতার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, দোকানটি ১৬০০ টাকায় কেনা জুতা ৩২০০ টাকায় বিক্রি করছিল—অর্থাৎ দ্বিগুণ দামে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছিল। এছাড়া গুলিস্তানের ভাউচার ব্যবহার করে চায়না পণ্য বিক্রি, পণ্যের সঠিক তথ্য গোপনসহ নানা ধরনের অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বেবিপ্লাজা মার্কেটসহ আশপাশের বিভিন্ন দোকানেও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ক্রেতাদের যথাযথ মেমো প্রদান ও সঠিক তথ্য প্রদানের জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, “ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি কিংবা তথ্য গোপন করার বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।