শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৮-০৬ ২২:১২:৩৬
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে শুকনো পাতা এবং ঘুঁটের আগুনে জ্বলন্ত অবস্থায় অর্ধ পোড়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ আগস্ট, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে চাষি বিকাশ পুকুরে মাছের খাবার দিতে এসে কলাবাগানের ভেতর আগুন দেখতে পান।
এসময় মানুষ পোড়ানো হচ্ছে এমন ধারণায় পাশের গ্রাম থেকে লোকজন ডেকে এনে আগুন নেভানো হয়। তখন আগুনের স্তূপ থেকে অর্ধ পোড়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরনে ধূসর রঙের প্যান্ট এবং লাল রঙের গেঞ্জি রয়েছে।
স্থানীয় গ্রামবাসী আসাদুজ্জামান বলেন, কলাবাগানে আগুনে মানুষ পুড়ছে এমন খবর বাগানের চাষি বিকাশ আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে আগুনের ভেতরে অর্ধ পোড়া মরদেহ দেখত পাই। ধারণা করা হচ্ছে, তাকে অন্য স্থানে হত্যা করে বস্তাবন্দি করে কলাবাগানের নির্জন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।