প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৪ ১৩:১৮:১৫
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলায় নবযোগদানকৃত দুই সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবযোগদানকৃত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। তাঁরা হলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আব্দুর রকিব এবং গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোছাঃ ইসরাত জাহান।
এ সময় জেলা প্রশাসক নবাগত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।
তিনি বিশেষভাবে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব ভূমিসেবা প্রদান, ভূমিসংক্রান্ত সেবা সহজীকরণ এবং সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ যেন সহজে, স্বল্প সময়ে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নবযোগদানকৃত কর্মকর্তাদের দক্ষতা, সততা ও আন্তরিক প্রচেষ্টায় টাঙ্গাইল জেলার ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে।
নতুন কর্মস্থলে নবাগত দুই কর্মকর্তার সফল ও সুন্দর কর্মজীবন কামনা করেন জেলা প্রশাসক।