প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে শিক্ষা প্রতিষ্ঠান, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

প্রকাশিত: ২০২৬-১১-২৩ ২৩:৫১:০০

News Image

শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, জনসেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবামূলক দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, ভূমিসেবার মান বৃদ্ধি এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক মধুপুর থানা, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শোলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট পলস হাই স্কুল, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের আঙিনা, শ্রেণিকক্ষ ও ওয়াশরুমসহ প্রতিটি স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে উৎসাহিত করতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মধুপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান এবং ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত সেবার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনবান্ধব কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

 

উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে ভূমিসেবা কার্যক্রমের অগ্রগতি, সেবাপ্রদানের প্রক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় নাগরিকদের ভূমিসেবা সহজীকরণ, সেবাপ্রদানে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

জেলা প্রশাসকের এ পরিদর্শন কার্যক্রমের মূল লক্ষ্য ছিল উপজেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গুণগত মান যাচাই, শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নিয়মিত তদারকি, সমন্বয় ও জবাবদিহিতা জোরদারের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।