প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৩ ১৭:৪৮:৫৮
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকায় মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২৩ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, উদ্ধার করা মরদেহের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কাটার দাগ এবং পায়ে ফোসকার চিহ্ন রয়েছে। মরদেহের অবস্থা ও দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, পুলিশের ধারণা, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে হত্যার প্রকৃত কারণ, ঘটনাস্থল এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয়ের দাবিদার পাওয়া না গেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবে বলে জানিয়েছে।
এদিকে, ব্যস্ততম মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, কী কারণে ওই নারীকে হত্যা করেছে এবং কোথায় তাঁকে হত্যা করা হয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।