প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৯ ২৩:২৬:০৩
নিজস্ব প্রতিনিধি:
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা এবং সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর এবং টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় এবং পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, ওয়াশরুমসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে জেলা প্রশাসক বলেন, পরীক্ষার খাতায় কোডিং ও ডিকোডিং পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষা কমিটিতে স্কুল বা কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কোনো শিক্ষককে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দেন, যাতে পরীক্ষার ফলাফল মূল্যায়নসহ সামগ্রিক পরীক্ষা কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকে।
পরবর্তীতে তিনি পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে পরিষদের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় দপ্তরগুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেবা প্রদানের মান এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক আন্তঃদপ্তর সমন্বয় জোরদার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি তালগাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

পরবর্তীতে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে গৃহীত নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক টাঙ্গাইল পৌরসভা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রম, নাগরিক সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসনের এ নিয়মিত পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং সরকারি দপ্তরগুলোতে দক্ষতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরগুলোর কার্যক্রমে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।