প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৯ ২২:৪৭:৫৩
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে এ আর রহমান ফুটবল একাডেমি, নীলফামারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাণীশংকৈল একাদশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের ঢল নামে। মাঠজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ভগীরপাড়া যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি এবং ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম (মাস্টার),আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, ১০নং মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল ইসলাম, এস কে সায়মা খেলাঘরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম শ্রাবণ এবং ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর ইসলাম। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ পর্যায়ে এমন ফুটবল আয়োজন পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি তরুণদের ক্রীড়ামুখী করতে ইতিবাচক ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাকে ঘিরে ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে মাঠ।