প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-১৯ ১৭:২৬:৫১

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, পোরশার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহনশীলতার পরিবেশ বজায় রাখতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার, সুপারভাইজার, এমসি, জিসি, ১ নম্বর জিসি ও ২ নম্বর জিসিসহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাঠাগারের লাইব্রেরিয়ান এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, ধর্মীয় সহনশীলতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের বিভেদ ও অসহিষ্ণুতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, ইমাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতামূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

আলোচনা সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।