প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০২:৩৬:০৯
বিনোদন প্রতিবেদক:
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, সাংবাদিক পরিচয় দিলেই কারও সঙ্গে অন্যায় বা অনাকাঙ্ক্ষিত আচরণ করার অধিকার তৈরি হয় না। বরং সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে।
গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বাগ্বিতণ্ডার বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই অভিনেত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
পরীমনির ভাষ্য, আদালত প্রাঙ্গণে ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে তিনি জানতে চান, কেন তাঁকে এভাবে ধরা হয়েছে। জবাবে ওই ব্যক্তি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখান। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
আদালতে নিয়মিত যাতায়াতের প্রায় ছয় বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে পরীমনি বলেন, এ দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারও সঙ্গে তাঁর কখনো দুর্ব্যবহার হয়নি। বরং আদালতকেন্দ্রিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে তাঁর সব সময় স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।
তিনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনোই কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর বক্তব্য, পেশাগত পরিচয় কখনোই কাউকে অন্যের সঙ্গে অন্যায় আচরণ করার বৈধতা দিতে পারে না।
পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাড টাচ বা গুড টাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে—আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে পরীমনির দাবি, ওই সাংবাদিক প্রথমে তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
পরবর্তী সময়ে তাঁদের মধ্যকার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন পরীমনি। এবার সেই ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে সাংবাদিক পরিচয় ও পেশাগত দায়িত্বের মর্যাদা রক্ষার পাশাপাশি ব্যক্তিগত সম্মান ও শারীরিক নিরাপত্তার বিষয়টিও সামনে আনলেন এই অভিনেত্রী।