প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩


জেলা খবর

আজীবন পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী টুকুর; টাঙ্গাইলে দুই সহস্রাধিক পোলিং এজেন্টের সঙ্গে ব্যতিক্রমী মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজ

প্রকাশিত: ২০২৬-১১-১৪ ০০:৫৯:৫৪

News Image

নিজস্ব প্রতিবেদক:
“আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব। নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের উদ্দেশে এমন অঙ্গীকার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

 

শুক্রবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত পোলিং এজেন্টদের সম্মানে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মাননা ও তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং স্থানীয় সমস্যার কথা শুনতেই এ সভার আয়োজন করা হয়। এতে টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের দুই সহস্রাধিক নেতাকর্মী ও পোলিং এজেন্ট অংশ নেন।

 

নির্বাচনি কর্মীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তাদের দুঃশাসন, লুটপাট ও অপরাজনীতির কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোলিং এজেন্টরা সাহস, ধৈর্য ও ত্যাগের সঙ্গে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই ভূমিকার মধ্য দিয়ে জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। দল ও জনগণ তাঁদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

 

তিনি আরও বলেন, নির্বাচনের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তাঁরা হলেন আপনারা। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

 

নিজের উদ্যোগের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাঁরা নির্বাচনের দিন আমার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে দেখা হবে না, কথা হবে না কিংবা মতবিনিময় হবে না—এটা হতে পারে না। সেই ভাবনা থেকেই তাঁদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

টাঙ্গাইলের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তুলতে চাই। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

যুবসমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে টাঙ্গাইলকে ‘খেলার শহর’ হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি একটি আলোকিত ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ‘শিক্ষা নগরী’ টাঙ্গাইল বাস্তবায়নেও নিরলসভাবে কাজ করা হচ্ছে।

 

দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষের যেসব প্রত্যাশা, দাবি ও সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন, তার প্রতিটি বিষয় তিনি লিপিবদ্ধ করেছেন। এসব বিষয় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার, ঐক্যবদ্ধ থাকার এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

 

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।


এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিলসহ প্রায় এক ডজন নেতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।

 

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের নির্বাচনি অভিজ্ঞতা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বর্তমান চাহিদা, সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তাঁদের কাছ থেকে জানেন। এসব তথ্য তিনি নিজ হাতে লিপিবদ্ধ করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

সভায় উপস্থিত বিএনপি নেতারা বলেন, সাধারণত নির্বাচন শেষ হওয়ার পর ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী তৃণমূলের নেতাকর্মী ও পোলিং এজেন্টদের খোঁজখবর নেওয়ার তেমন প্রচলন দেখা যায় না। কিন্তু নির্বাচনের দীর্ঘ সময় পরও তাঁদের সম্মান জানানো এবং সরাসরি মতামত শোনার জন্য প্রতিমন্ত্রীর এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

সভায় টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।