প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৩ ০০:৩১:৫৯
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) দিনব্যাপী পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক জয়পুর পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠদানের উপযুক্ত পরিবেশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিস ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। এ সময় দাপ্তরিক কার্যক্রম, ভূমিসেবা ও নাগরিক সেবার মান পর্যবেক্ষণ করেন এবং সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এসব প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে ফিটনেস ইনিশিয়েটিভ সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ ছাড়া ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে ভূঞাপুর থানা পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ভূঞাপুর পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চিকিৎসাসেবার মান, রোগীদের সেবাপ্রাপ্তির সুযোগ-সুবিধা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। এ সময় সেবাগ্রহীতাদের সুবিধার্থে নির্মিত অপেক্ষমাণ শেড উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ইবানি শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। উপজেলা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সরকারি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে সার্বিক দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে অফিসার্স ক্লাবের শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনচর্চার গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার সব সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই উন্নয়ন এবং নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।