প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১২ ১৬:১০:১৮
ছবি: টাঙ্গাইল দর্পণ
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে দুইজন আহত হয়েছেন। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।
স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন খাঁ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাকের চালকসহ দুজন আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি এসএ পরিবহনের মালবাহী ট্রাক। ট্রাকের মালামাল নিরাপদ রাখতে স্থানীয় দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করছেন। পাশাপাশি বিষয়টি রায়পুরা থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।
আহতরা হলেন ট্রাকচালক মো. কাসেম (৪৫) ও মো. শাহিন (১৯)। তাঁরা সংবাদকর্মীদের জানান, ঢাকা থেকে মালামাল নিয়ে ট্রাকটি রওনা হয়েছিল। পথে মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এ সময় মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তাঁরা ট্রাকটি সড়কের আইল্যান্ডের দিকে তুলে দেন।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। যানবাহন ধীরগতিতে চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরাও।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন। ঘটনাস্থলে দ্রুত একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।