প্রিন্ট এর তারিখঃ বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩


জেলা খবর

যশোরে রস দেবে না ৩ লাখ ১২ হাজার ১৬১ টি খেজুর গাছ!

প্রকাশিত: ২০২৬-১১-১১ ১৯:০১:০৬

News Image

ছবি: টাঙ্গাইল দর্পণ

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি: 
শিশিরভেজা স্নিগ্ধ সকাল। কুয়াশার বুক চিরে রক্তিম সূর্যের উঁকিঝুঁকি— প্রকৃতির এই রূপই বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। ‘যশোরের যশ, খেজুরের রস’ প্রবাদকে টিকিয়ে রাখতে সাজসাজ রব আর ব্যস্ত সময় পার করছেন যশোরের চৌগাছা উপজেলার গাছিরা। কেউ তুলছেন গাছ, কেউ দিচ্ছেন চাচ, আবার কেউ আগাম রস সংগ্রহের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করছেন গাছ। গ্রামবাংলার হাজার বছরের চিরচেনা এই রূপ মনের খোরাক জোগালেও, আড়ালে রয়ে গেছে এক বড় আক্ষেপ। দক্ষ গাছির অভাব, নানা সংকট ও প্রতিকূলতার কারণে জেলার প্রায় ৩ লাখ ১২ হাজার ১৬১টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে না, যার ফলে প্রতি মৌসুমে কোটি কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা হাতছাড়া হচ্ছে।

 

মাত্র দেড় থেকে দুই দশক আগেও যেখানে রস-গুড়ের মৌসুম শুরু হলে জেলার প্রতিটি বাড়ি থেকে ভেসে আসত রস ও গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সময় সকাল-সন্ধ্যায় প্রতিটি বাড়িতে রস জ্বালিয়ে তৈরি করা হতো গুড়, নানা রকম পিঠা-পায়েস। বড়দের সাথে বাচ্চাদের সকাল-সন্ধ্যা রস-গুড় খাওয়ায় ব্যস্ত সময় কাটতো। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দৃশ্যগুলো গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এ পেশায় এগিয়ে আসছে না। অযত্ন-অবহেলা ও ইটের ভাটায় পুড়িয়ে নষ্ট হয়ে গেছে এলাকার হাজার হাজার গাছ। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরগাছ দিন দিন কমে যাচ্ছে।

একসময় গ্রামের পতিত জমি, ক্ষেতের আইল, ঝোপঝাড়ের পাশে এবং রাস্তার দুই ধারে অসংখ্য খেজুরগাছ দেখা যেত। এসব গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন অনেক গাছি। কিন্তু বর্তমানে নতুন করে খেজুরগাছ লাগানো ও পরিচর্যার আগ্রহ কমে যাওয়ায় ঐতিহ্যটি হুমকির মুখে পড়েছে।

 

খেজুরগাছ শুধু রস ও গুড় উৎপাদনের উৎস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাংলার অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য ও জীবনধারা। তাই এই ঐতিহ্য রক্ষায় খেজুরগাছ রোপণ, পরিচর্যা এবং গাছিদের পেশায় টিকিয়ে রাখা জরুরি।

 

বর্তমানে যে পরিমাণ খেজুরগাছ আছে, সে গাছগুলো তোলার জন্য নেই পর্যাপ্ত গাছি। যার ফলে এ জেলার সিংহভাগ খেজুরগাছ থেকে রস ও গুড় সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিবছর কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন অধিদপ্তর এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর পরিসংখ্যান অনুযায়ী, যশোর অঞ্চলে মোট ছোট-বড় ২৩ লাখ ৩০ হাজার ৬৯৫টি খেজুরগাছ রয়েছে। এর মধ্যে শুধু যশোর জেলাতেই মোট খেজুরগাছের সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৯৭১টি।

 

চলতি মৌসুমে গাছিদের পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রস সংগ্রহের উপযোগী করা সম্ভব হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮১০টি গাছ। অন্যদিকে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ বা চাষের অভাবে ৩ লাখ ১২ হাজার ১৬১টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে না।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন অধিদপ্তর এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর হিসাব অনুযায়ী প্রতি মৌসুমে একটি গাছ থেকে গড়ে ৮০ লিটারের মতো রস এবং রস থেকে প্রায় ১০ কেজির মতো গুড় পাওয়া যায়। বাজারে গুড়ের বর্তমান সর্বনিম্ন খাঁটি গুড়ের মূল্য প্রতি কেজি ৩৫০ টাকা। জেলাতে মোট ৫,৭৬,৯৭১টি গাছ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হলে বছরে প্রায় ২০১ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার গুড় উৎপাদন করা যেত। বর্তমানে উপযোগী ২ লাখ ৬৪ হাজার ৮১০টি গাছ থেকে প্রায় ৯২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকার গুড় উৎপাদন সম্ভব হচ্ছে। ফলে চাষ না হওয়া ৩ লাখ১২, হাজার ১৬১টি গাছ থেকে জেলা প্রতি বছর প্রায় ১০৯ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার অর্থনৈতিক সম্ভাবনার গুড় উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে।

 

সদর উপজেলার দলেননগর গ্রামের গাছি রাতুল হোসেন বলেন, "গাছি পেশায় শারীরিক পরিশ্রম ও ঝুঁকি বেশি থাকলেও সে তুলনায় আয় কমে গেছে। এছাড়া খেজুরগাছের সংখ্যা দিন দিন কমে যাওয়া এবং আনুষঙ্গিক সরঞ্জামের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই পেশা পরিবর্তন করে অন্য দিনমজুরি বা ব্যবসা-বাণিজ্যে ঝুঁকেছেন।"

 

চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের শিমুল হোসেন, নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলম, হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের আব্দুল মারুপ, ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের মামুন কবির পানু, পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামের বদর উদ্দীন একই সুরে বলেন, "আমাদের বাড়িতে প্রচুর খেজুরগাছ রয়েছে। আগে শীত এলেই এলাকা জুড়ে গাছিদের ব্যস্ততা চোখে পড়ত। এখন টাকা দিয়েও অভিজ্ঞ গাছি পাওয়া যাচ্ছে না। দু-একজন গাছি মিললেও তাদের চাহিদা অনেক বেশি। যার কারণে এলাকার হাজার হাজার গাছিহীন খেজুরগাছ অনাদরে-অবহেলায় পড়ে থাকে, ফলে গাছ তোলা সম্ভব হয় না।"

 

গাছিরা বলছেন, গাছে ছাঁটাই করা, নালী টানা এবং হাঁড়ি বাঁধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমের। সারাদিন উঁচুতে উঠে কাজের তুলনায় রস বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ থাকে না। ফলে পুরোনো অভিজ্ঞ গাছিদের বয়স বেড়ে যাওয়া ও নতুন গাছি তৈরি না হওয়ায় দিন দিন এই সংকট ঘনীভূত হচ্ছে।

 

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন,"যশোরের খেজুরের রস ও গুড় শুধু একটি খাবার নয়, এটি আমাদের পুষ্টি ও ঐতিহ্যের অংশ। খেজুরের রসে রয়েছে প্রাকৃতিক শর্করা, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অস্বাস্থ্যকরভাবে সংগ্রহ ও জ্বাল দেওয়ার কারণে অনেক সময় এতে জীবাণু সংক্রমণ ও ভেজাল মেশার ঝুঁকি তৈরি হয়। রস সংগ্রহের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন হাঁড়ি ব্যবহার, রস দ্রুত জ্বাল দেওয়া এবং গুড় তৈরিতে কোনো ধরনের কেমিক্যাল বা রং ব্যবহার না করা জরুরি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গাছিদের আধুনিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে রস সংগ্রহ, সংরক্ষণ ও গুড় প্রক্রিয়াজাতকরণ নিয়ে প্রশিক্ষণ দিতে প্রস্তুত। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর যশোরের গুড়ের মান ধরে রাখতে পারলে এটি আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা তৈরি করবে।"

 

বন সংরক্ষকের কার্যালয় যশোরের বন সংরক্ষক মোহাম্মদ হারুন রশিদ খান বলেন, "খেজুরগাছ রক্ষা ও নতুন চারা রোপণে বন বিভাগ কাজ করছে। রাস্তার পাশে ও পতিত জমিতে খেজুরের চারা লাগানো হচ্ছে। তবে শুধু চারা লাগালেই হবে না, গাছগুলোকে রস সংগ্রহের উপযোগী করে তুলতে গাছিদেরও এগিয়ে আসতে হবে।"

 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, "যশোর জেলায় প্রচুর খেজুরগাছ রয়েছে, যা আমাদের গ্রামীণ অর্থনীতির এক বিরাট চালিকাশক্তি হতে পারে। কিন্তু তীব্র গাছি সংকটের কারণে ৩ লাখ ১২ হাজার ১৬১টি গাছ অব্যবহৃত থেকে যাচ্ছে। আমরা গাছিদের প্রশিক্ষণ, সরকারি প্রণোদনা ও গাছিদের নানা সরঞ্জাম দেওয়ার মাধ্যমে এই সংকট উত্তরণের চেষ্টা করছি। আশা করছি, সরকারি নানা উদ্যোগ ও রপ্তানির নতুন সম্ভাবনার মাধ্যমে আমরা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারব।"

 

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর গবেষণা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, "খেজুরের রস থেকে উন্নতমানের গুড় ও সিরাপ উৎপাদনে গবেষণা চলছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে গাছিরা কম পরিশ্রমে বেশি লাভবান হবেন। নতুন জাত ও পরিচর্যা পদ্ধতি নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।"

 

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি সার্বিক সুজন সরকার ও এডিসি রাজস্ব কমলেশ মজুমদারের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ চেষ্ট করা হলে ফোন রিসিভ করেনি! এবং হোয়াটসঅ্যাপে লিখিত ভাবে বক্তব্য চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।

 

যশোরের এই প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতে চৌগাছা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নানামুখী প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৩ সালের ২৫ জুন স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের ব্যালন বিলের সরকারি জমিসহ বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ৫০ লাখ খেজুরগাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়। ইতোমধ্যে ৮০ একর জমিতে এবং সরকারি রাস্তার দুই পাশে খেজুরের চারা রোপণ করা হয়েছে।

 

পাশাপাশি গাছিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও গাছি সমাবেশের আয়োজন করা হচ্ছে। গুড়ের প্রচার ও প্রসারে ২০২৩ সালে চৌগাছায় প্রথম ‘খেজুর গুড় মেলা’র আয়োজন করা হয় এবং গাছিদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়। একই বছরের ১১ ডিসেম্বর গাছিদের কাছ থেকে সরাসরি খাঁটি গুড় সংগ্রহের লক্ষ্যে ‘খেজুর গুড়ের হাট’ (khejurgurerhat.com) নামক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। তবে চেষ্টা করেও উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, অর্থ ব্যয় করে তৈরি করা ওয়েবসাইট যদি ক্রেতা-বিক্রেতা ব্যবহার না করতে পারে তাহলে কী লাভ হলো?

 

দীর্ঘ প্রক্রিয়ার পর শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের খেজুরের গুড়কে ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

আশার আলো দেখাচ্ছে বর্তমান প্রশাসন ও সরকারের নানা পরিকল্পনা। গত ২ নভেম্বর উপজেলায় খেজুরের রস সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, সরকার যশোরের খেজুর গুড় উৎপাদনের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছে। এছাড়া কৃষি মন্ত্রণালয় চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। চলতি মৌসুম থেকে সরকার খেজুর গুড় বিদেশে রপ্তানির ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়। ইতোমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।

 

স্থানীয়দের বিশ্বাস, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং গাছিদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে চৌগাছার এই ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এটি কেবল স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধই করবে না, বরং আন্তর্জাতিক বাজারেও দেশের মুখ উজ্জ্বল করবে।