প্রিন্ট এর তারিখঃ সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০২ ২১:০৯:৫৯
কামরুজ্জামান বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার নব আদাতলা বিওপির আওতাধীন করমুডাঙা ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে সীমান্তসংলগ্ন করমুডাঙা ইটভাটা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।