প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২৮ ১০:৩৩:৩৭
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার বিভিন্ন দিক, রোগীদের সেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

বিশেষ করে হাসপাতালে আগত রোগীদের ভোগান্তি হ্রাস, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চিকিৎসাসেবা প্রত্যাশী সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাসপাতালের সেবাব্যবস্থা আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে শুধু চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের উপস্থিতিই যথেষ্ট নয়; এর পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা, রোগীবান্ধব পরিবেশ এবং সেবাপ্রাপ্তির প্রক্রিয়াও আরও সহজ ও কার্যকর করা প্রয়োজন।
সভায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।