প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২৭ ২১:২২:৪২
সাঁতার শুধু ক্রীড়া নয়, আত্মরক্ষা ও জীবন রক্ষারও গুরুত্বপূর্ণ দক্ষতা: সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে সাঁতারে দক্ষ করে গড়ে তোলা এবং ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইলের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ খালিদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইলের অফিস সহকারী মোঃ কামরুল হাসান রনি, সাঁতার প্রশিক্ষক (পুরুষ) বিপ্লব কুমার দাশ, সাঁতার প্রশিক্ষক (নারী) কবিতা বসাকসহ প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সাঁতার প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে তানজীম তাবীব। এরপর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার প্রশিক্ষণার্থীদের সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণকালীন অর্জিত দক্ষতা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও উন্নত করার আহ্বান জানান।
সাঁতার শেখার ওপর গুরুত্বারোপ
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া নয়; এটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনদক্ষতা। সাঁতার জানা থাকলে পানিতে দুর্ঘটনার সময় নিজের জীবন রক্ষার পাশাপাশি অন্যের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তিনি প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে সাঁতারকে নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বাড়িয়ে স্থানীয়, জেলা, আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।
ভবিষ্যতে প্রতিযোগিতামূলক সাঁতারে ভালো ফলাফল করে পদক ও সনদ অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি টাঙ্গাইলের সুনাম বয়ে আনার জন্যও প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সনদ হাতে প্রশিক্ষণার্থীদের উচ্ছ্বাস
বক্তব্য পর্ব শেষে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অতিথিদের কাছ থেকে সনদ গ্রহণের সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
জেলা ক্রীড়া অফিসার জানান, শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সাঁতার চর্চার প্রসার, পানিতে দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের প্রতিভাবান সাঁতারু তৈরি করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা ক্রীড়া অফিসের এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সাঁতারের মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন বলে জানান।
টাঙ্গাইলের ক্রীড়া অঙ্গনে সাঁতার চর্চার বিস্তার এবং নতুন প্রতিভা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম ।