প্রিন্ট এর তারিখঃ বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩


জেলা খবর

বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে ইয়াবা সেবন, সখীপুরে যুবকের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৬-১০-২১ ১৯:০৫:৩৯

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে শাকিল আহমেদ (২৩) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও পাঁচ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

দণ্ডপ্রাপ্ত শাকিল আহমেদ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বহেড়াতৈল পশ্চিমপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বহেড়াতৈল গণ-উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাঠের এক কোণে বসে শাকিল ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সখীপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করে।

 

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করে শাকিল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত শাকিল আহমেদকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সখীপুর থানা পুলিশ।

 

প্রশাসন ও পুলিশ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে মাদক সেবনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

 

মাদকের বিস্তার রোধে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। কোথাও মাদক সেবন বা বিক্রির তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

 

তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সখীপুরকে মাদকমুক্ত রাখতে প্রত্যন্ত এলাকাসহ বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।