প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩


জেলা খবর

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৬-১০-১৮ ১৭:৫৩:১১

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ ১৮ অক্টোবর, ২০২৬ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিটন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

 

অভিযোগ অনুযায়ী, গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনে সড়কে শিশুটিকে একা পেয়ে কৌশলে ফুসলিয়ে তার যৌনাঙ্গে হাত দেন লিটন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। শিশুটির বড় ভাই জাকির হোসেনের দাবি, বাড়ি থেকে বের হয়ে তিনি ঘটনাটি দেখতে পান। এ সময় লিটন শিশুটিকে সড়কের পাশের একটি ঘরের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

 

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন জাকির। খবর পেয়ে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর লিটনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

তবে অভিযোগ অস্বীকার করে লিটন দাবি করেন, বাজারে পান আনতে যাওয়ার সময় মজার ছলে তিনি শিশুটির শুধু হাত ধরেছিলেন।

 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।