প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৭ ১৫:০৯:৩৪
টাঙ্গাইল প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে টাঙ্গাইলে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর, ২০২৬ শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবার সতর্ক ভূমিকার ওপর গুরুত্ব দেন।