প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৪ ২২:৫৭:৪৬
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ নারী-পুরুষকে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা সদর উপজেলার ১৭ নম্বর বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
'দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ' প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাগুরা সদর অফিস এ উদ্যোগ গ্রহণ করে। চিকিৎসাসেবা দেয় ফরিদপুরের ইসলামী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ক্যাম্পে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। নিকটদৃষ্টির সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আর্থিক অসচ্ছলতা, সচেতনতার অভাব এবং চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছানি, দৃষ্টিশক্তি কমে যাওয়া ও চোখের অন্যান্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ফারহানা বিনতে সেলিম, আবু মুছা আশয়ারী, সাউথইস্ট ডিভিশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মো. জামির আলী, মাগুরার পারনান্দুয়ালী শাখার কর্মকর্তা মো. তানভীর হোসেন, মাগুরা সদর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও ইয়াং প্রফেশনাল অভিষেক রায়, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম এবং সুনীল মিস্ত্রি। এ সময় ইসলামী চক্ষু হাসপাতাল, ফরিদপুরের চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডা. মো. আরাফাত হোসেন এবং আশীষ কুমার সাহা উপস্থিত থেকে চিকিৎসাসেবায় সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে চক্ষুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন।