প্রিন্ট এর তারিখঃ শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

দিনাজপুরের কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন

প্রকাশিত: ২০২৬-১০-১০ ২১:৩০:২১

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় শুভ মহালয়া উপলক্ষে পঞ্চমবারের মতো সমবেত শ্রীশ্রী পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুর্গাপূজার আয়োজন আরও জাঁকজমকপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি শ্মশানে যাতায়াতের জন্য নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কাহারোল উপজেলার ভবানীপুরে ভবানীপুর মানব সেবা সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার আরও সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

 

অনুষ্ঠান শেষে তিনি ভবানীপুর নদীর পাড়ে অবস্থিত শ্মশানঘাট এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, শ্মশানে যাতায়াতের জন্য তাঁদের বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। এ দুর্ভোগ নিরসনে সেখানে একটি সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা (বাদশা), ২ নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তালেব, কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, বীরগঞ্জ উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং কাহারোল উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ চন্দ্র দাশ। সঞ্চালনা করেন মিঠুন সরকার।

 

শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পিতৃ-মাতৃ পূজা, ধর্মীয় আলোচনা ও বাউল কীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধের চর্চা, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্য ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।